চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। স্থানীয়দের মতে, সিমেন্টবাহী ট্রাক ও একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। সালাউদ্দিন মোটরসাইকেলে ছিলেন এবং দুর্ঘটনাকবলিত গাড়ির মাঝখানে পড়ে তার মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানান, সালাউদ্দিন দুপুরে মোটরসাইকেল করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব বাজারের পাশে মুসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সিমেন্টবাহী একটি ট্রাক ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী একটি ডাবল কেবিন পিকআপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সালাউদ্দিন নিহত হন।
মিরসরাই থানা যুবদলের সমন্বয়ের দায়িত্বে থাকা এসএম সুমন জানান, সালাউদ্দিনের মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং চালকরা পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।