শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, রাত ৯:৫৭

সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়ায় রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে নাঈম নিহত

শিহাব সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নাঈম খানকে মৃত ঘোষণা করেন।নিহতের জামাতা মোঃ ইমরান জানাশ শনিবার দুপুর সোয়া ১টার দিকে নিজ বাড়ির সামনের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে নাঈম খানের ওপর হামলা চালায় প্রতিপক্ষের কয়েকজন। এ সময় হোসেন, ইকবাল ও মায়াসহ ৪-৫ জন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর এলোপাতাড়ি আঘাত করেন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।নিহতের মেয়ের জামাতা ইমরান আরও জানান, রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে৷ এ নিয়ে কয়েকবার এলাকায় শালিস বৈঠক ও হয়েছে কিন্তু প্রতিপক্ষ শালিস বৈঠক এর সিদ্ধান্ত কখনোই মানেনি এ বিরোধের জেরেই তাঁর শ্বশুরের ওপর গতকাল শনিবার হামলা চালানো হয়। নিহত নাঈম খান সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। পেশায় তিনি একজন চা দোকানি ছিলেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনার সাথে সম্পৃক্তদের কাউকে পাওয়া যায়নি৷ তাদের মোবাইল ফোন নাম্বারও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ এমদাদুল হক বলেন ঘটনা শুনেছি৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা