শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, ভোর ৫:২৬

সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ডাকাত সাহেব আলীে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামী রনি গ্রেপ্তার, পিস্তল উদ্ধার

শিহাব, সিদ্ধিরগঞ্জ থেকেঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সাহেব আলী (৪৮) কে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি রনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ দল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
বৃহস্পতিবার,১৫ অক্টোবর ভোরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর বিকেল সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির বউ বাজারের ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীকে লক্ষ্য করে গুলি করা হয়৷ গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের পাশের একটি খালে পড়ে গেলে সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়৷
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাহেব আলীর স্ত্রী কল্পনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন৷
এসআরবির দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাহেব আলীকে লক্ষ্য করে রনিকে গুলি চালাতে দেখা গেছে। গোয়েন্দা তথ্য ও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটি ওয়াবদা কলোনিতে তাঁর বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে এসআরবি।
রনিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর একই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা