বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:৩৮

আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইলের শ্রমিকরা।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮ টা থেকে তারা এ আন্দোলন কর্মসূচী পালন করে।

দুপুর ৩ টা এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের আন্দোলন চলে৷ পুলিশ গার্মেন্ট মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয় এবং অবরোধ প্রত্যাহার করে চলে যায়৷

এর আগে শ্রমিকরা সকাল ৮ টার দিকে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করে। পরে তারা সকাল ১০ টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেয়।

এসময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেয়ার দাবি জানান। মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক জানান, বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছে। মালিক কর্তৃপক্ষ আজ আমাদের বেতন বুঝিয়ে দেয়ার কথা বলেছিল কিন্তু আজ এসে দেখি তারা গার্মেন্টসে তালা মেরে পালিয়ে গেছে। বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,সে ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছে। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলে সে ফোনটি রিসিভ করেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান,বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দিবে। যদি তারা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান,তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইল শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকরা যেন কোনো প্রকার ভায়োলেন্স না করে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা