সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোরে লেকের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহত দুজন হলো মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে স্থানীয়রা বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর সেতু সংলগ্ন ডিএনডি লেকে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু নাভানা মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ আর বাড়ি ফেরেনি। রাতে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
নিহত মনিরুলের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামে। তার বাবা মোহাম্মদ জাকির। পরিবারসহ তারা সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় বসবাস করতেন। অন্যদিকে শুভর গ্রামের বাড়ি পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকায়। তার বাবা মিজান শিকদার। পরিবার নিয়ে তিনি সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতেনI