সোনারগাঁ প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল ২০২১ তারিখ বিকেল সাড়ে ৪ টায় র্যাব-১১, সিপিএসসি এর অভিযানে ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেইট বাজার মসজিদের সামনে ঢাকা-মাওয়া হাইওয়ে হতে গত ০৩ এপ্রিল ২০২১ তারিখ সোনারগাঁেয় ‘রয়্যাল রিসোর্ট’ এ ব্যাপক সহিংসতা, হামলা ও ভাংচুর মামলার প্রধান আসামী মাওলানা মোঃ ইকবাল হোসেনসহ চার হেফাজত নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোঃ ১। খেলাফতে মজলিশ, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন @ মাওলানা মোঃ ইকবাল হোসেন (৫২); ২। হেফাজত ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন(৫৩); ৩। হেফাজত ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহান খাঁন @ শিবলী (৪৩) এবং ৪। হেফাজত ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২)। র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জলেঃ কর্ণেল অধিনায়ক খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, পিজিএমএস কর্তৃক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে যে, গত ৩ এপ্রিল ২০২১ তারিখ হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একজন নারীসহ সোনারগাঁয়ের ‘রয়্যাল রিসোর্টে’ সন্দেহজনকভাবে স্থানীয় জনতা কর্তৃক অবরুদ্ধ হওয়ার পর বিক্ষুব্ধ হেফাজতকর্মীরা রয়্যাল রিসোর্ট ভাঙচুরসহ এলাকায় তান্ডব সৃষ্টি করে। রয়্যাল রিসোর্ট ছাড়াও হেফাজতকর্মীরা ঘটনার দিনে সোনারগাঁ এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে যান চলাচলে বিঘœ ঘটায়, জনমনে ভয়ভীতি সঞ্চার এবং সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। ঐ সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও খেলাফতে মজলিশ, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসেন মাগরিবের নামাযের পর মসজিদের মাইকে উস্কানীমূলক বক্তব্য প্রচার করে লোক জমায়েত করে এবং উক্ত হামলার নেতৃত্ব দেয়। উক্ত ঘটনায় সোনারগাঁ থানায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ ও পুলিশ কর্তৃক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীরা উক্ত মামলাগুলোর অন্যতম এজাহারনামীয় আসামী। বলে জানায় র্যাব।