শাহজাহান জনিঃ
অবশেষে সুদীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে । এতে সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন নির্বাচিত হয়েছেন। গত ২ জুলাই বুধবার গভীর রাতে এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল হক ফরাজী।এর আগে গতকাল বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি বক্তব্য শেষে ভোট গ্রহণের উদ্বোধন করেন।ফলাফল অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি ৭৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ পেয়েছেন ৪০২ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মজিবুর রহমান ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বশির আহমেদ পেয়েছেন ৪২০ ভোট। নির্বাচনে জেলা-উপজেলার ১৪টি ইউনিটের ১ হাজার ৫১১ কাউন্সিলরের মধ্যে ১ হাজার ১৭২ জন ভোট প্রদান করেন। দীর্ঘ ২৩ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রথম অধিবেশন এবং বেলা তিনটার দিকে দ্বিতীয় অধিবেশন শেষ হলে সন্ধ্যা ছয়টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। রাত ১১টার পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলে।সর্বশেষ ২০০২ সালের ১৪ এপ্রিল কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়েছিল৷ নবাগত কমিটিতে জেলার সর্বত্রই দলীয় নেতাকর্মীদের মধ্য উচ্ছাস বিরাজ করছে৷