সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ ও সাড়ে ৯ টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
মৃতদের মধ্যে একজনের নাম সাবিনা আক্তার লাকি (৩৫)। তিনি ঢাকার গুপিবাগ এলাকার রুবেল মিয়ার স্ত্রী। এবং আরেক মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, নিরব নামের এক ব্যক্তি ৩ বছর পূর্বে সিএনবি কলোনীতে উচ্চমান সহকারী আবু তাহের সরকারের ভাড়াটিয়া বাসায় ভাড়া নেন। নিহত লাকী প্রায় সময় নিরবের বাসায় যাতায়াত করত। চারদিন পূর্বে লাকির স্বামীর সাথে ঝগড়া করে কাউকে না জানিয়ে তিন মেয়ে নিয়ে এই বাসায় উঠে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকালের মধ্যে যেকোনো সময় তাকে গলা কেটে হত্যা করা হয়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরকে প্রেরণ করে।
নিহত লাকীর স্বামী রুবেল জানান, চারদিন পূর্বে রাতে সুফিয়া নামক বড় মেয়েকে ঘুম পাড়ানোর সময় লাকির সাথে সামান্য ঝগড়া হয়। ভোরে কাউকে না জানিয়ে আমার তিন মেয়েকে নিয়ে চলে যায়। আজ সকালে পুলিশের ফোন পেয়ে এখানে এসে তার লাশ দেখতে পাই।
তাদের সংসারে সুফিয়া (১০), সাফা (৯), জান্নাত (৬) তিন মেয়ে ও মোঃ আমির হামজা (১৭) নামের ছেলে রয়েছে।
এদিকে এরআগে সকাল ৯ টায় (নাসিক) ১ নং ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী একজন যুবকের মরদেহ পানিতে ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
মৃত লাকি আক্তারের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত নারীর স্বামীর নাম রুবেল মিয়া। তিনি নিজ স্বামীর পরিবর্তে নিরব নামক আরেক যুবকের সঙ্গে থাকছিল। আমরা ওই নিরবের বাসা থেকে মরদেহটি উদ্ধার করেছি।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন,গৃহবধূ লাকি আক্তার নিরব নামক আরক ব্যক্তির বাসায় ছিল। আশপাশের মানুষ জানিয়েছে এই নারী দীর্ঘ ধরে নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্ক রেখে তার বাসায় যাতায়াত করতো। তার ধারাবাহিকতায় গতকাল রাতেও এসেছিল। মরদেহ উদ্ধার হয়েছে তবে যে পরকীয়া প্রেমিক নিরবের বাসা থেকে মরদেহ পাওয়া গেছে সে পলাতক রয়েছে।
অপরদিকে ডিএনডি খাল থেকে যে অজ্ঞাত মরদেহ উদ্ধার হয় তাৎক্ষণিকভাবে সেটির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।