রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, ভোর ৫:৫৮

কক্সবাজারের টেকনাফ – সেন্টমার্টিন নৌরুটে স্পিডবোট উল্টে গিয়ে মা – মেয়ের মৃত্যু

জাহেদ মোঃ সালাহউদ্দিন, কক্সবাজারঃ

কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌ-রুটে নাফ নদীর মোহনায় একটি স্পিডবোট ডুবে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ ডিসেম্বর সোমবার দুপুরে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি উল্টে গিয়ে ডুবে গেলে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়৷

নিহত মা ও মেয়ে হলেন- সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) ও তাঁর ৫ বছরের মেয়ে মাহিমা। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করে তিনি বলেন, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে স্পিডবোট টি উল্টে যায়। খবর পেয়ে অন্য একটি স্পিড বোট গিয়ে তাদের উদ্ধার করলেও মা–মেয়ে দুজন মারা যায়।

নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, ‌‘বোন আর ভাগনিকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল, পথেই এ দুর্ঘটনা।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-মেয়ে দুজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় দুজন মারা গেছে। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে অভিযোগ রয়েছে টেকনাফ ও সেন্টমার্টিন রুটে নাফ নদীতে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়াই স্পিডবোট চলাচল করে আসছে এবং প্রায়ই দূর্ঘটনা ঘটছে কিন্তু প্রশাসনের কোন নজরদারী নেই বলে জানিয়েছেন স্থানীয়রা৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা