বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৪৬

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গলাকাটা এক গার্মেন্ট কর্মীর লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে এক নারী গার্মেন্ট কর্মীর অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনা গলিতে মহিদুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী মামুন ওরফে রুবেল পলাতক রয়েছেন।

নিহত বর্ষা সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি স্বামী মামুনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁর বাবার নাম শরীফ।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুই থেকে তিন দিন আগে বর্ষার সঙ্গে পরিবারের শেষবার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে কয়েকদিন ধরে ঘরের বাইরে তালা ঝুলতে দেখা যায়। বুধবার সন্ধ্যার দিকে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি বর্ষার পরিবার ও পুলিশকে জানান।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বর্ষার মুখ ও পা বাঁধা অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করে।
নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীকে কেন্দ্র করে বর্ষার সঙ্গে মামুনের ঝগড়া হয়। এরপর থেকে মামুনের আসা-যাওয়া কমে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, “ঘরের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহতের স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।” এ ঘটনায় নিহতের মা সুলতানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন৷ মামলা তদম্তকারী কর্মকর্তা এসআই মামুন খালাসী বলেন বর্ষার স্বামী ৃামুন ওরফে রুবেল এর পিতার নাম শুক্কুরগাজী৷ চাদপুর সদরের উত্তর রামদী গ্রামে তার বাড়ি৷

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা