শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ১০:১৮

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া দুই বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার। দুর্ঘটনায় আহত শিশুটিকেও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ২ বছর বয়সী সন্তান ইয়াসাকে নিয়ে ভাটিয়ারীর একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন তারিন আক্তার। রাতে বাসায় ফেরার পথে শিশু সন্তানকে মাঝখানে রেখে পেছনে বসেছিলেন তারিন। তবে অসাবধানতাবশত শিশু ইয়াসা মোটরসাইকেল থেকে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান।এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত শিশু ইয়াসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, তারিন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন কর্মী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিজের জীবন দিয়েও আদরের মেয়েকে বাঁচাতে পারলো না।বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এমএ হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি কিন্তু চেষ্টা চলছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা