বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি, রাত ১২:৫১

সিদ্ধিরগঞ্জে সিটিকরপোরেশনের ড্রাম ট্রাকে পিষ্ঠ হয়ে যুবদল ও ছাত্রদলের ২ নেতা নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য সরবরাহের কাজে নিয়োজিত ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭) নিহত হয়েছেন। গতকাল
‎মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় একটি কয়েল কারখানা উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যেতে সক্ষম হয়৷

‎প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একটি মোটরসাইকেলযোগে জালকুড়ি ঝুটপট্টি হয়ে যাওয়ার পথে একইমুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি রাস্তায় স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এসময় তারা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

‎নিহত মাসুম বিল্লাহ (২৭) পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি একটি কয়েল ফ্যাক্টরির মালিক এবং কাঁচা তরকারির ব্যবসা করতেন।

‎অপরদিকে নিহত আব্দুল কাদির চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে। বর্তমানে ফতুল্লার দেলপাড়া ব্যাংক কলোনি এলাকায় বসবাস করতেন। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জড়িত ট্রাকটি পুলিশ আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা