সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার ভোররাত ৪ টায় র্যাব-১১, সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকা থেকে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ জানু মাল (৩৯), মোঃ আশরাফুল (৫০), মোঃ রাজু সরদার (২২), মোঃ ইসলাম মাল (৩২), মোঃ তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) এবং মোঃ শরৎ আলী। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা এবং বিপুল পরিমাণ বাচ্চাদের খেলনা সামগ্রী জব্দ করা হয়। ইয়াবা ছিল পুতুলের মধ্যে। অভিনব কায়দায় মাদক চোরাকারবারীরা পুতুলের মধ্যে ভরে ইয়াবা ব্যবসা করে আসছিল। র্যাব ১১ এর সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা সবাই মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও এর আশে পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নেয়। ইয়াবা ব্যবসার সুবিধার্থে তারা একেক সময় একেক জায়গায় অবস্থান করে। খেলনা পুতুল ফেরি করে বিক্রয়ের ছলে তারা পুতুলের ভিতর ইয়াবা ভর্তি করে পরিবহণ করতো। বাস এবং ট্রেনে ফেরি করে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রয় করে। আড়ালে এসব খেলনার ভেতরে থাকে ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন বাসা পরিবর্তন করে ফেরি করে বাচ্চাদের সাধারণ খেলনা সামগ্রী বিক্রয়ের আড়ালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করার কথা স্বীকার করে।