রাজশাহী প্রতিনিধিঃ
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাজশাহীতে রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে দুই সন্তানের জননী ওই গৃহবধূ (২৫) বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।অভিযুক্ত রেল কর্মকর্তার নাম মঈন উদ্দিন আজাদ (৪২)। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পদে কর্মরত। নগরীর শিরোইল কাঁচাবাজারে তার বাড়ি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক রয়েছেন।রাজশাহী মহানগরীর বাসিন্দা ওই নারী জানান, ট্রেনে যাতায়াতের পথে স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে চাকরি দিতে চেয়েছিলেন। বলেছিলেন, চাকরির জন্য আট লাখ টাকা লাগবে। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন বলে অভিযোগ করেন ওই নারী।মামলার এজাহারে ওই নারী বলেন, রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়ার নামে গত রোববার বিকালে নিজ বাসায় তাকে ডাকেন আজাদ। তিনি সরল বিশ্বাসে তার বাসায় যান। গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকিও দেন তিনি।নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, রেল কর্মর্কর্তা মঈন উদ্দিন আজাদ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, মামলার বিষয়টি শুনেছি। মঙ্গলবার ওই কর্মকর্তা অফিস করেননি। তাকে অন্যত্র বদলির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।