রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৯:২৩

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্থানীয় আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ দু’পক্ষ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে একই সময়ে সভা আহবান করায় সোমবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে। এতে সদর উপজেলা ও নোয়াখালী পৌর এলাকার মধ্যে কোথাও কোন প্রকার সভা-সমাবেশ বা গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রসাসন।মঙ্গলবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান। জেলা তথ্য অধিদপ্তর সন্ধ্যা সাড়ে সাতটায় শহরে মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি প্রচার করে।জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্য রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে কটুক্তি করেন। ওই কটুক্তির প্রতিবাদে নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদসভা আহবান করা হয়েছে। একই স্থানে একই সময় জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১২ বছরে নোয়াখালীতে যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তার চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। একই স্থানে দলের দু’পক্ষের সভা নিয়ে সোমবার সকাল থেকে জেলা শহরে টান টান উত্তেজনা ও নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকার বলে কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদসভা আহবান করা হয়েছে। কিন্তু স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ইচ্ছাকৃতভাবে ওই সভা পণ্ড করার জন্য ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে পাল্টা কর্মসূচীর আয়োজন করেন।শিহাব উদ্দিন শাহীন ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কোম্পানীগঞ্জ বিএলএফ এর প্রধান ছিলেন। একরামুল করিম চৌধুরী মাতাল অবস্থায় ওবায়দুল কাদের ও তার পরিবারকে রাজাকার বলেছেন। এতে একরাম চৌধুরী শুধু দলকে নয়, মুক্তিযুদ্ধের আদর্শকেও প্রশ্নবিদ্ধ করেছেন।তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, জেলা ও পুলিশ প্রশাসনের নির্দেশে মঙ্গলবার সকালের কর্মসূচী সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ বছরে নোয়াখালীতে যে সকল উন্নয়নমূলক কাজ করেছেন তার চিত্র প্রদর্শনীর জন্য শহীদ মিনার চত্ত্বর ব্যবহারে ছাত্রলীগের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন এবং মঞ্চ তৈরির কাজও সম্পন্ন হয়েছে। তবে জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার সকালের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। এখানে অন্য কোন সংগঠনের সভা আহবানের বিষয়টি ছাত্রলীগ জানত না।নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন বলেন, একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সভা আহবান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা রয়েছে। তাই উভয়পক্ষকে সভা সমাবেশ না করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষ এ নির্দেশ মেনে নিয়েছে। তাই মঙ্গলবার সকালে শহীদ মিনার প্রাঙ্গন কিংবা শহরে কোন সভা সমাবেশ অনুষ্ঠিত হবে না।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা