স্টাফ রিপোর্টারঃ
গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় প্রস্তাবিত পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠিত বাসরুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।মঙ্গলবার নগর ভবনের বুড়িগঙ্গা হলে কমিটির সভা শেষে সাংবাদিকদেরকে তিনি এ তথ্য জানান।মেয়র তাপস বলেন, ‘আগে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলট রুট চালুর সিদ্ধান্ত ছিল। সে অনুযায়ী কমিটি কার্যক্রম শুরু করার পর সার্বিক বাস্তবতায় দেখা যায়, ঘাটারচর থেকে শুধু মতিঝিল পর্যন্ত রুট নির্ধারণ করা হলে এটি ফলপ্রসূ নাও হতে পারে। এজন্য পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘এই রুটে কোম্পানির মাধ্যমে বাস কিভাবে চলবে, কতগুলো বাস চলবে, কতগুলো প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকবে, আয় কিভাবে বন্টন হবে, কিভাবে পরিচালিত হবে- সামগ্রিক বিষয় নিয়ে নীতিমালা হবে। ঢাকা পরিবহন সনম্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আগামী দুই সপ্তাহের মধ্যে অংশীজনদের নিয়ে বসে নীতিমালার একটি খসড়া তৈরি করবে। আগামী সভার আগেই খসড়া নীতিমালা প্রস্তুত করলে কোম্পানি গঠনের দিকে এগিয়ে যাব আমরা।’বর্তমানে নির্ধারিত পাইলট রুটে যেসব বাস চলাচল করে তার তথ্যগত কিছু ভুল আছে উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘দীর্ঘদিন এই তথ্যগুলো হালনাগাদ করা হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাইলট রুটের তথ্যগুলো হালনাগাদ করবে এবং সামগ্রিকভাবে পুরো ঢাকার কোন রুটে কোন বাস চলছে, কতগুলো বাস চলছে এ সংক্রান্ত তথ্যাদি আগামী ৯০ দিনের মধ্যে হালনাগাদ করবে। এখন এই রুটে যাদের বাস চলছে, অন্যরা যারা এই রুটে বাস চালাতে চায় সবাইকে নিয়ে সমন্বয় করা হবে। আয়-ব্যয়ের হিসাব যাতে ঠিকমতো হয় এজন্য একটি নীতিমালা তৈরি হবে। নীতিমালার আলোকে জয়েন্টভেনচার এগ্রিমেন্ট (জেভিএ) হবে। এরপর এটাকে একটা পূর্ণাঙ্গ কোম্পানিরূপে চালু করব। যাতে করে ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসে।’সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো সব বাসকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। আমরা যেভাবে একটি একটি করে পরিকল্পনা করছি, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী গড়ে তুলতে সক্ষম হব। সেজন্যই আমাদের বাস রুট ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়ন করতে হবে।’সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এহছানে এলাহী, রাজউক চেয়ারম্যান সাঈদ নূর আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ কমিটির সদস্যরা।