মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৮:২৫

দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতা তিন লাখ ৩৪ হাজার ৯৮২ জন। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে আওয়ামী লীগের অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি টাকা। ডিসেম্বর ২০২০ পর্যন্ত আদায় হয়েছে এক লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় অর্জন ৩২ দশমিক ৮৭ শতাংশ।মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাসের টিকা কেনার জন্য এ পর্যন্ত এক হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশ থেকে অবমূল্যায়ন (আন্ডার ইনভয়েসিং) বা অতিমূল্যায়নের (ওভার ইনভয়েসিং) মাধ্যমে অর্থ পাচারের কিছু অভিযোগ পাওয়া গেছে। সংশ্নিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এটি খতিয়ে দেখছে। অর্থ পাচার বন্ধে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।চার মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩ হাজার কোটি টাকার বেশি :শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, দেশের চারটি মোবাইল অপারেটরের কাছে বিটিআরসির বকেয়া ১৩ হাজার ২২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা। অপারেটরগুলো হলো গ্রামীণফোন, রবি, সিটিসেল (বর্তমানে বন্ধ) ও রাষ্ট্রায়ত্ত টেলিটক। এর মধ্যে গ্রামীণফোন ও রবির কাছে বকেয়া অডিট আপত্তি সংক্রান্ত। আর সিটিসেলের বকেয়া উচ্চ আদালত নির্ধারিত; টেলিটকের কাছে পাওনা থ্রিজি তরঙ্গ বরাদ্দ বাবদ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা