মনিরামপুর উপজেলার পারখাজুরা বাওড় থেকে মহসিন (২৩) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। স্বজনদের অভিযোগ, তার সঙ্গে থাকা ভ্যান ও মোবাইল ছিনতাই করে হত্যার পর মরদেহটি বাওড়ে ফেলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে পারখাজুরা বাওড়ের রামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহসিন চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মহসিন মঙ্গলবার বিকেলে ভ্যান নিয়ে বের হয়ে সন্ধ্যার পর আর ফিরে আসেননি। বুধবার বিকেলে মনিরামপুর থানায় নিখোঁজের ডায়েরি করা হয়।
স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে একটি মরদেহ পানিতে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেন। মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে, যা পরে মহসিনের বলে শনাক্ত করেন স্বজনরা।
মহসিনের বড় ভাই মিলন মোল্যা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে শয়লা বাজারে মহসিনের সঙ্গে দেখা হয়েছিল। তিনি ভাইকে জানান, ‘এক হাজার টাকার একটা বড় ভাড়া ধরে আসছি’ বলে চলে যান। স্বজনরা ধারণা করছেন, মহসিনের কাছ থেকে ভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।
মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, মরদেহটি পচে গেছে এবং তার গায়ে বড় কোনো আঘাত পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।