নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয়ে এক দম্পতির বিশ্বাস অর্জন করে প্রায় দুই ভরি স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশ অভিযানের সময় আত্মসাৎ করা অধিকাংশ স্বর্ণালংকার, গলানো স্বর্ণ, নগদ টাকা ও দুটি মোবাইল উদ্ধার করে।
পুলিশ জানায়, খুলশী থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মাত্র ১৪ ঘণ্টার মধ্যে সরোয়ার সরদার (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায়, তবে তিনি বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায় বসবাস করছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুলাই সকালে সরোয়ার সরদার অজিত ঘোষের বাসায় গিয়ে নিজেকে বারদী লোকনাথ বাবার মন্দিরের ভক্ত হিসেবে পরিচয় দেন। তিনি ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে দম্পতির আস্থা অর্জন করেন এবং সুযোগ বুঝে বাসায় থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
অজিত ঘোষ প্রতারণার বিষয়টি বুঝতে পেরে খুলশী থানায় মামলা দায়ের করেন। তদন্তের ভিত্তিতে সিএমপির কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে সরোয়ারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি সীতা হারের পাঁচটি অংশ, একটি স্বর্ণের লকেট, গলানো স্বর্ণ, ১৪ হাজার টাকা ও দুটি স্মার্টফোন।
খুলশী থানার ওসি মোজ্জাম্মেল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।