পটুয়াখালী / মির্জাগঞ্জ প্রতিনিধিঃ
একই রাতে পাশাপাশি দুটি বাড়ি থেকে ২ টি যাড় গরু চুরির ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে৷ গরুচোরদের সনাক্তের পর চোরেরা গরু ফেরতের আশ্বাস দিয়ে দেয়নি৷ পরে গরুচোরদের চাপ সৃষ্টি করলে তারা গরু যশোরের চৌগাছা বাজারে ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে৷ গরু বিক্রির টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েও টাকা ফেরত না দিয়ে কালক্ষেপন করায় ঘটনার ৮ মাস পর অবশেষে মির্জাগঞ্জ থানায় গরু চুরির একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আশ্রাব আলী খানের মেয়ে খুকুমনি৷ মামলা নং ৮, তারিখ ৭/৯/২০২৫৷ মামলায় আসামী করা হয়েছে মির্জাগঞ্জ থানাধীন মাধবখালী ইউনিয়নের বাজিতা ২ য় খন্ডের মৃত আব্দুর রশিদ খানের ছেলে মোঃ মনির খান (৪১) ও একই থানাধীন উত্তর চৈতার নয়া মিয়ার ছেলে রায়হান হোসেন রাব্বি ওরফে রুবেল (২৫) সহ অজ্ঞাত আরও ৩/৪ জন৷ পুলিশ গত ৭ সেপ্টেম্বর এজাহারভুক্ত আসামী রায়হান হোসেন রাব্বি ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে৷ মামলার প্রধান আসামী মনির খান পলাতক রয়েছে৷ মামলার এজাহারে বাদীনি উল্লেখ করেন বাদীনি তার বাবা মোঃ আশ্রাব আলী খানের বাজিতা ২য় খন্ডের বাড়িতে ছিলেন৷ ঘটনার দিন ২-১-২০২৫ তারিখ দিবাগত রাতে তার বাবার গোয়াল ঘর থেকে আনুমানিক ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি ষাড় গরু চুরি হয়৷ একই রাতে পাশের বাড়ির রিনা বেগমের ও আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের একটি ষাড় গরু চুরি হয়৷ অনেক খোঁজাখুঁজি করেও গরু দুটির কোন সন্ধান তারা পায়নি৷ গরু চুরি করে পিকাপ যোগে নিয়ে যাওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের মাধ্যমে বাদীনি অবগত হয়েছেন যে ৩-১-২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে একটি পিকাপে ( নং ঢাকা মেট্রা – ন- ১৩-২০৪৯) গরু দুটি বাকেরগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে৷ প্রত্যক্ষদর্শী সাক্ষীরা জানিয়েছেন উল্লেখিত নাম্বারের পিকাপের চালক ছিলেন একই থানাধীন উত্তর চৈতার নয়া মিয়া ছেলে রায়হান হোসেন রাব্বি ওরফে রুবেল (২৫) এবং পিকাপ চালক রুবেলের পাশে বসা ছিল বাজিতা ২ য় খন্ডের মৃত আঃ রশিদ খানের ছেলে মোঃ মনির খান (৪১)৷ পরবর্তীকালে মনির খান ও রায়হান হোসেন রাব্বি ওরফে রুবেলের কাছে গরু দুটি ফেরত চাইলে তারা গরু ফেরত দিবে বলে জানায়৷ কিন্তু তারা গরু ফেরত দেয়নি৷ পরবর্তীতে তাদের গরু ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে অভিযুক্ত মনিরখান ও রায়হান হোসেন বাদীনি ও তার পরিবারের সদস্যদের জানায় তারা গরু দুটি চুরি করে যশোরের চৌগাছা বাজারে ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেছে এবং গরু বিক্রির টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকে৷ গরু চুরির ঘটনায় অবশেষে অভিযুক্তদের আসামী করে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়৷ মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার এস আই সহিদুল ইসলাম বলেন এজাহারভুক্ত আসামীদের মধ্য রায়হান হোসেন রাব্বি ওরফে রুবেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি৷ তিনি আরও বলেন গরু চুরির সাথে সম্পৃক্ত যারা রয়েছে তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে৷