সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২২) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকা থেকে তানিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেউ তানিয়াকে গলাকেটে হত্যা করেছে তবে কি কারণে তা নিশ্চিত নয়। আমরা তদন্ত করছি, হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। লাশ উদ্ধারকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাফায়েত বলেন, রাত ১২ টায় লাশটি আইলপাড়ার শফিকের বাড়ির উঠান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) প্রেরণ করেছি।নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। তানিয়া তার দুই বোনকে নিয়ে আইলপাড়া এলাকায় শফিকের বাড়িতে ভাড়া থাকতো এবং মানুষের বাসা বাড়িতে কাজ করতো বলে জানাগেছে। ঘটনার সময় তানিয়ার বোনেরা গার্মেন্টে ছিল বলে পুলিশ জানায় তারা এসে তানিয়ার রক্তাক্ত লাশ ঘরের বাইরে পড়ে থাকতে দেখে । এ ঘটনায় নিহত তানিয়ার বাবা সেলিম খান বাদী হয়ে ১৫ ডিসেম্বর বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে এসআই সাফায়েত জানিয়েছেন।