শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৩০

কাভার্ডভ্যান বোঝাই ৬ টন পলিথিনসহ ২ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ

শাহজাহান জনিঃ
মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫৯২০ কেজি) পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী এ পলিথিন জব্দ করে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় হাইওয়ের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী।

এসময় পুলিশ কাভার্ডভ্যানের চালক মোঃ এরশাদ হোসেন (৩৮), হেলপার মোঃ বাবুকে (২০) আটক করা হয়৷

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন এর চালানটি ঢাকা চকবাজার থেকে নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট এজেন্সি মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানির হাট এলাকায় যাচ্ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫৯২০ কেজি) পলিথিন উদ্ধার করা হয়।
কাভার্ডভ্যানের চালক মোঃ এরশাদ হোসেন যশোহর জেলার শার্শা থানার দিঘিরপাড় এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। এবং হেলপার বাবু একই বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের এসআই মাহমুদুল হাসান বাদী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অবৈধ পলিথিন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী জানিয়েছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা